এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে না দেওয়ায় স্কুলে হামলা

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস. এস. সি মডেল টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের ফরম পূরণ করতে না দেওয়ায় স্কুলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে স্কুল ম্যানেজিং কমিটির সভা শেষে এই হামলার চালা অকৃতকার্য ২০-২৫ জন ছাত্র ও বহিরাগতরা।

হামলাকারীরা স্কুলের আসবাবপত্র, দরজা-জানালা, বৈদ্যুতিক বাল্ব, সিসি ক্যামেরা ভেঙে তিনটি গভীর নলকূপ উপড়ে ফেলে। এতে স্কুলের প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় স্কুল পরিচালনা কমিটি।

জানা যায়, ২০১৯-২০ শিক্ষা বর্ষের এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় মোট ২০৫ জন অংশগ্রহণ করে এতে ১৬৮ জন কৃতকার্য হয়। বাকি ৩৭ শিক্ষার্থী অকৃতকার্য হয়। স্কুল পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতি ক্রমে তাদের এই বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিচালনা কমিটির বৈঠকের সময় অকৃতকার্য ২০-২৫জন ছাত্রসহ আরো বহিরাগত ৮-১০ জন স্কুলে উপস্থিত ছিল। পরে পরিচালনা কমিটির বৈঠক শেষে ছাত্রদের পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে ম্যানেজিং কমিটির সদস্যরা স্কুল থেকে চলে যান।

পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকেরা স্কুল থেকে চলে যাওয়ার পরে অকৃতকার্য ছাত্ররা স্কুলের তিনটি ভবনে হামলা চালায়।

এ বিষয়ে শুক্রবার সকালে মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম জানান, এ বিষয়ে পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।