ট্রলিচাপায় গোপালগঞ্জ ও নরসিংদীতে নিহত ২

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলা খাদ্য পরিদর্শক মোল্লা মো. মনিরুজ্জামান মুন্নু (৫৯) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অপরদিকে নরসিংদীর পলাশে ট্রলির নিচে পড়ে রবিন মিয়া (১৭) নামে ওই ট্রলির চালকের সহকারী নিহত হয়েছেন। চট্টগ্রামে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিন নারীসহ ছয়জন আহত হয়েছেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, সকালে হাঁটতে বের হন খাদ্য পরিদর্শক মোল্লা মো. মনিরুজ্জামান মুন্নু। এ সময় শহরের লঞ্চঘাট এলাকায় একটি ইটের ট্রলি তাকে চাপা দেয়। এ ঘটনার পর ট্রলি ও ট্রলিচালককে আটক করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নরসিংদীতে নিহত ১ : নরসিংদীর পলাশে ট্রলির নিচে পড়ে রবিন মিয়া নামে ওই ট্রলির চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ডাংগা ইউনিয়নের শান্তানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রবিন ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে নানাবাড়িতে থাকতেন। শুক্রবার সকালে ইসলামপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে লাবন মিয়ার ইটবোঝাই ট্রলিগাড়িতে হেলপারের দায়িত্বে ছিলেন রবিন। ট্রলিগাড়িটি কাজৈর এলাকা থেকে পূবালীর দিকে আসার পথে ভাংগা সড়কে চলন্ত ওই গাড়ি থেকে রবিন নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

চট্টগ্রামে মিনিবাস উল্টে আহত ৬ : সড়কে ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিন নারীসহ ছয়জন আহত হয়েছে। গত শুক্রবার বিকেলে নগরীর টাইগারপাস সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. সোহাগ (২০), সুফিয়া বেগম (৩৫), শেফালী বেগম (৫০), খোকন (৩০), আরিফুল ইসলাম (৩০) ও ঝুমুর (২২)। এদের মধ্যে খোকনের পা ভেঙে গেছে ও শেফালী বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানিয়েছেন, নতুন ব্রিজ হতে আসা দেওয়ানহাটগামী একটি হিউম্যান হলার বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।