বিগ ব্যাশে ফিরছেন স্মিথ

স্টিভেন স্মিথ নিষেধাজ্ঞা কাটিয়ে আরও আগেই ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে নিজ দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে গেল ৬ বছর ধরেই উপস্থিতি নেই স্মিথের। তবে এবারের বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে ফিরছেন তিনি।

স্মিথ এর আগেও দলটির সঙ্গে ছিলেন। জিতেছিলেন শিরোপাও। ২০১৪ সালের পর স্মিথ বিগ ব্যাশে আবারও ফিরছেন নিজের সাবেক দলের হয়েই। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবেন স্মিথ। দল প্লে-অফে গেলে খেলবেন আরও ম্যাচ।

ভারত সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে শেষ হবে জানুয়ারির ১৯ তারিখ। এরপর ২৩ তারিখ ব্রিসবেন হিট এবং ২৫ তারিখ মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে খেলবেন স্মিথ।

স্মিথ বলেন, ‘সূচি (বিগ ব্যাশ) প্রকাশের পর দেখলাম খেলার সুযোগ আছে। আমি সুযোগটি কাজে লাগিয়ে দলের সঙ্গে (সিডনি সিক্সার্স) যোগ  দেব জানুয়ারিতে জাতীয় দলের খেলা শেষে।’