বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা সদর আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, আমি যখন বাণিজ্যমন্ত্রী ছিলাম তখন বার্ষিক চাহিদা, উৎপাদন ও ঘাটতি নিরূপণ করে চার-পাঁচ মাস আগেই পদক্ষেপ নেওয়া হতো। কিন্তু চলতি বছর হয়তো সেটি আমরা ঠিকভাবে অনুমান করতে পারিনি। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের প্রতিটি পণ্য যেমন ভোজ্যতেল ও চিনি আমদানি করতে হয়।
গতকাল শুক্রবার দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। এছাড়া অনেক দেশে এবার পেঁয়াজের উৎপাদন কম হয়েছে। আমদানিনির্ভর দেশে যদি আমদানি বন্ধ হয়ে যায়, তাহলে তো প্রভাব কিছুটা পড়বেই। শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, দেশে আরও ৫০ হাজার টন পেঁয়াজ আসছে, সেটা এলেই চাহিদা পূরণ হবে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা, ২ বান করে টিন ও ৩০ কেজি করে চাল তুলে দেন তোফায়েল আহমেদ। এ সময় ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মো. কায়ছার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।