বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা গত চার দিন ধরে বিক্ষোভ করছে। গত শুক্রবারের বিক্ষোভে মোরালেসের সমর্থকদের ওপর পুলিশ গুলি চালালে অন্তত পাঁচজন নিহত ও অনেকে গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার সকালে সাকাবায় কয়েক হাজার আদিবাসী বিক্ষোভকারী কোচাবামবা শহরের সামরিক তল্লাশি চৌকি অতিক্রম করতে চাইলে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দেশটিতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয় একজন চিকিৎসক জানিয়েছেন, শুক্রবার নিহতদের বেশিরভাগই সাকাবা শহরের বাসিন্দা।
বিক্ষোভকারীদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়েছে পুলিশ। তারা মেক্সিকোয় নির্বাসিত মোরালেসের ফিরে আসার দাবি জানাচ্ছিলেন। ইমাটেরিও কোলক স্যানচিজ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, তিনি বেশ কয়েকজন বিক্ষোভকারীর মরদেহ দেখেছেন। পুলিশের গুলিতে তারা নিহত হয়েছেন।
বলিভিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে একনায়ক আখ্যা দিয়ে মোরালেস এক টুইটবার্তায় বলেন, বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়েছে। শুক্রবার বিবিসিকে মোরালেস বলেন, নির্বাচন নিয়ে আমার বিরুদ্ধে আনতে পারে এমন কোনো বাস্তব অভিযোগ নেই। আমি বলিভিয়া ফিরলে হয়ত জেনাইন আনেজের বিরুদ্ধে মামলা করব। গত ১০ নভেম্বর সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস।