স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্মল সা. সম্পাদক বাবু

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক

আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্ব ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোট ও সমঝোতা দুই প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের প্রতি তার সমর্থন দেওয়ায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুজনকে স্বেচ্ছাসেবক লীগের আগামীর নেতা হিসেবে ঘোষণা করেন। এর আগে কৃষক লীগ ও শ্রমিক লীগের সম্মেলন হয়। সেখানেও শেখ হাসিনার পছন্দের নেতারা নেতৃত্বে আসেন।

এর আগে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। পরে প্রার্থীরা নিজেদের মধ্যে সমঝোতা করতে পারেন সে জন্য ২০ মিনিট সময় দেওয়া হয়। সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান বাবু স্বেচ্ছাসেবক লীগের গত কমিটির সহসভাপতি ছিলেন।

দীর্ঘ ১৩ বছর পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পেল নতুন নেতৃত্ব। ১১ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মেলনে সভাপতি পদে ১৪ জন ও সাধারণ সম্পাদক পদে ২৮ জনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারেক সাঈদ দায়িত্ব পেয়েছেন।

১২ নভেম্বর ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলনে সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জনের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। ঢাকা মহানগর উত্তর শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে আনিসুর রহমান নাঈম দায়িত্ব পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার প্রমুখ।