কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের হেলপার গ্রেপ্তার

রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর পা পিষে দেওয়া ট্রাস্ট ট্রান্সপোর্ট বাসের চালকের সহকারী বাচ্চু মিয়াকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসপি) মো. বশির আহমেদ স্বাক্ষরিত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাসচাপা দেওয়ার পর থেকে হেলপার বাচ্চু পলাতক ছিলেন। পিবিআইয়ের এসআই মো. আল-আমিন শেখের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় গত ২৭ আগস্ট দুপুর ২টার দিকে বাংলামোটর ওভারব্রিজের নিচে এমএইচকে ভবনের পশ্চিম পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কারওয়ান বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস ফুটপাতের ওপরে উঠে যায়। এতে কৃষ্ণা মারাত্মকভাবে আঘাত পান। পথচারীরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠান। চিকিৎসক অপারেশন করে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন। ঘটনার পরদিন তার স্বামী রাধে শ্যাম চৌধুরী বাসের মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। সেই মামলায় ১ সেপ্টেম্বর বাসচালক মোরশেদকে (৩৫) মিরপুরের কাজীপাড়া থেকে গ্রেপ্তার করে পিবিআই।