কিশোরগঞ্জে সাক্ষীর পা কেটে দেওয়ায় ৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি হত্যা মামলার সাক্ষীর পা কেটে ফেলার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদ- ও অপর দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদ-ও করা হয়।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো কুলিয়ারচর উপজেলার ভাটিজগৎচর গ্রামের তাজুল ইসলাম কসাই, গোলাপ মিয়া ও বিল্লাল মিয়া। এ ছাড়া একই গ্রামের আবু কালামকে তিন বছরের কারাদ-সহ পাঁচ হাজার টাকা জরিমানা এবং শামছু মিয়াকে এক বছরের কারাদণ্ড সহ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, ভাটিজগৎচর গ্রামে ২০০৫ সালের ১২ ডিসেম্বর সকালে হাছেন আলী প্রধান (হাছু) হত্যা মামলার ১ নম্বর সাক্ষী মনির উদ্দিনকে জাফরাবাদ মোড়ের একটি চায়ের দোকান থেকে ধরে নিয়ে যায় আসামিরা। পরে একটি চাতালে নিয়ে গাছের সঙ্গে হাত-পা বেঁধে কুড়াল দিয়ে কুপিয়ে ডান পা কেটে ফেলে।