চাঁপাইনবাবগঞ্জে ৯ কোটি ৩০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময় বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়ন সদস্যদের হাতে আটক হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল রবিবার  দুপুরে মহানন্দা নদীর তীরে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের দাম ৯ কোটি ৩০ লাখ ২৮ হাজার ১১০ টাকা বলা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল, বিদেশি মদ, হেরোইন, গাঁজা, দেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন নেশাজাতীয় ইঞ্জেকশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধিসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক। পরে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান।