বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। বিজিবি বলছে, নিহতরা মাদক কারবারি। গতকাল রবিবার ভোর ৫টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সাম্পানকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২-এর বাসিন্দা আবুল কালামের ছেলে হোসেন আলী (২৩) ও ক্যাম্প-১-এর বাসিন্দা আলী হোসেনের ছেলে মো. ইয়াছিন (৩০)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ জানান, ঘুমধুম সাম্পানকাটা সীমান্তে টহল দেওয়ার সময় ১০-১২ জনের একটি দল সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় থামতে বললে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে। একপর্যায়ে সবাই পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও একটি শুটারগানসহ দুজনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট আইনে মামলা করার কথা জানিয়ে এ বিজিবি কর্মকর্তা আরও জানান, গত

১১ নভেম্বর বাইশফাড়ি সীমান্তে টহল দেওয়ার সময় চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়। নিহতরা ওই মামলার এজাহারভুক্ত আসামি।