কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের হেলপারের জামিন

রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীকে চাপা দেওয়া বাসের হেলপার বাচ্চু মিয়াকে (১৮) জামিন দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে বাচ্চুর আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন। উভয় পক্ষের 

শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ১১ ডিসেম্বর পর্যন্ত জামিন দেয়।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (অর্থ) কৃষ্ণা রায় গত ২৭ আগস্ট দুপুর ২টার দিকে বাংলামোটর ওভারব্রিজের নিচে এমএইচকে ভবনের পশ্চিম পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কারওয়ান বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে আসা ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস ফুটপাতের ওপরে উঠে যায়। এতে কৃষ্ণা মারাত্মকভাবে আঘাত পান। পথচারীরা তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠান। পরে অপারেশন করে তার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলা হয়। ঘটনার পরদিন তার স্বামী রাধে শ্যাম চৌধুরী বাসের মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করেন। সেই মামলায় ১ সেপ্টেম্বর বাসচালক মোরশেদকে (৩৫) মিরপুরের কাজীপাড়া থেকে গ্রেপ্তার করে পিবিআই।