টাঙ্গাইলে মির্জা ফখরুল

ভাসানীর আদর্শে প্রজন্মকে উদ্বুদ্ধ হতে হবে

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘মওলানা ভাসানী কৃষক শ্রমিক মানুষের নেতা

ছিলেন। আগামী প্রজন্মকে তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশসেবায় কাজ করতে হবে।’

গতকাল রবিবার মওলানা আবদুল হামিদ

খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে আছে।’

মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সন্তোষে ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের জনগণ। সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন ভাসানী প্রথম পুষ্পস্তবক

অর্পণ করেন। এরপর জেলা আওয়ামী লীগ, বিএনপি, মওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে। প্রতি বছরের মতো এবারও মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ, ওরস, স্মরণসভা, গণভোজ, মেলাসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মওলানা ভাসানী জন্মগ্রহণ করেন। সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের সিংহভাগ কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। তিনি কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ভাসানী প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে দাফন করা হয়।