জমে উঠেছে ফোর্ড ও ফেরারির লড়াই

প্রতিদ্বন্দ্বী দুই গাড়ি কোম্পানিকে নিয়ে নির্মিত ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ বাজিমাত করেছে উত্তর আমেরিকার বক্স অফিসে, কুপোকাত করেছে ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর মতো অতি প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজিকে। এদিকে বিশ্বব্যাপী আয়ে এক বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে সুপার ভিলেন ‘জোকার’।

হলিউড রিপোর্টার্স জানায়, প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে ‘ফোর্ড ভার্সেস ফেরারি’। স্থানীয় বাজারে গত রবিবার পর্যন্ত ৩ দশমিক ১ কোটি ডলারসহ বিশ্বব্যাপী আয় করেছে ৫ দশমিক ২ কোটি ডলার। অন্যদিকে অতি প্রত্যাশায় পানি ঢেলে দিয়ে মাত্র ৮৬ লাখ ডলার আয় করেছে ‘চার্লিস অ্যাঞ্জেলস’। আর বিশ্বব্যাপী আয় মাত্র ২ দশমিক ৭ কোটি ডলারের সামান্য বেশি। বলা হচ্ছে, ‘টার্মিনেটর : ডার্ক ফেইট’ ও ‘ডক্টর সিøপ’-এর পর হলিউডের সাম্প্রতিক তৃতীয় হাইপ্রোফাইল রিবুট বা সিক্যুয়েল ফ্লপ করতে যাচ্ছে।

জেমস ম্যানগোল্ড পরিচালিত ‘ফোর্ড ভার্সেস ফেরারি’তে অভিনয় করেছেন জনপ্রিয় দুই অভিনেতা ম্যাট ডেমন ও ক্রিশ্চিয়ান বেইল। ১৯৬৬ সালের প্রেক্ষাপটে এই সিনেমায় উঠে এসেছে দুই ব্যক্তির গল্প। যাদের নিয়ে জমজমাট প্রতিযোগিতায় অবতীর্ণ হয় ফোর্ড ও ফেরারির মালিক। ধারণা করা হচ্ছে, আগামী বছর অস্কারের আসরে প্রায় ১০ কোটি ডলারে নির্মিত সিনেমাটি ঝড় তুলবে। অন্যদিকে তিন নারী গোয়েন্দার ‘চার্লিস অ্যাঞ্জেলস’ পরিচালনা করেছেন এলিজাবেথ ব্যাংকস। অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, নওমি স্কট ও এলা বালিন্সকা। ১৬ বছর আগে মুক্তি পাওয়া ‘চার্লিস অ্যাঞ্জেলস : ফুল ট্রটল’ তিন দিনে আয় করেছিল ৩ দশমিক ৭ কোটি ডলার। সে তুলনায় একদমই ভালো করতে পারেনি পাঁচ কোটি ডলারের বেশি বাজেটের নতুন সিনেমাটি।

এদিকে মুক্তির সপ্তম সপ্তাহেও দারুণ ব্যবসা করছে ‘জোকার’। টড ফিলিপস পরিচালিত হোয়াকিন ফোনিক্সের সিনেমাটি শুক্রবারেই এক বিলিয়ন ডলার ক্লাবে পৌঁছে গেছে। এই ক্লাবে আর রেটেড সিনেমা হিসেবে প্রথমবার প্রবেশ করল ‘জোকার’।