আলোচনা সভায় ফখরুল

তারেকের নেতৃত্বে বিএনপিতে নতুন প্রাণ সৃষ্টি হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে বিএনপিতে ‘নতুন প্রাণ’ সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা

সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মির্জা ফখরুল আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যে বিএনপিকে গোছানোর কাজ প্রায় শেষ করে নিয়ে এসেছেন, নতুন প্রাণ সৃষ্টি করেছেন বিএনপির মধ্যে। এ দুঃসময়ে হাজার হাজার মাইল দূর থেকে তিনি দলকে পরিচালিত করছেন, এ দুঃসময়ে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে চলেছেন।

তিনি বলেন, আসুন আজকে তার জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানাই, তার শতায়ু কামনা করি। সেই সঙ্গে তার কাছে আমরা এই শপথ করি যে, আমরা যেকোনো মূল্যে আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং যেকোনো মূল্যে দেশের গণতন্ত্রকে মুক্ত করে নিয়ে আসব ইনশাল্লাহ।

এ সময় তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মামলা মিথ্যা দাবি করেন মির্জা ফখরুল। অবিলম্বে তার বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, কোথাও তো কোনো কিছু খুঁজে পায়নি। সারা বিশ্বে তন্নতন্ন করে খুঁজেছে, কোথাও কোনো দুর্নীতির চিহ্ন খুঁজে পায়নি সরকার। একইভাবে খালেদা জিয়াকেও আটকে রাখা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আজকে লাখো মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের বন্ধুরা অনেকে গুম হয়ে গেছেন। আমাদের ছেলেরা অনেকে আজকে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় রিকশা চালাচ্ছে, হকারের কাজ করছে। এরকম একটা ভয়াবহ করুণ অবস্থার মধ্যে বাংলাদেশের রাজনীতি আছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই এটা মুক্ত করা সম্ভব। মির্জা ফখরুল বলেন, আজকে একটা দানবের হাতে দেশ পড়েছে। সবকিছু তছনছ করে দিচ্ছে। অর্থনীতি বলতে কিছু নেই।

সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে এবং ওবায়দুর রহমান চন্দন ও নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আজম খান প্রমুখ।