জমির বিরোধে ইটভাটা শ্রমিককে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইটভাটার শ্রমিক রফিকুল ইসলামকে (২৬) প্রতিপক্ষরা অ্যাসিডে ঝলসে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মাঠকাটি গ্রামে। রফিকুল স্থানীয় আব্দুল গফফার মোল্যার ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাফিজ উল্লাহ বলেন, রফিকুলের মুখমণ্ডল থেকে পা পর্যন্ত অ্যাসিডে ঝলসে গেছে।

শরীরের ৬০ ভাগই অ্যাসিডে আক্রান্ত। অবস্থা বেশ সংকটাপন্ন। রোগীকে দ্রুত সুস্থ করতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে যে চিকিৎসাগুলো আশু দেওয়া প্রয়োজন, তা দিতে আমরা কাজ করে যাচ্ছি।

স্থানীয়দের বরাত দিয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বলেন, রফিকুল মঙ্গলবার ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে যায়। বের হওয়ার সময় তাকে প্রতিপক্ষরা অ্যাসিড হামলা চালায়। হামলায় তার শরীরের বেশিরভাগ অংশই ঝলসে যায়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মামলা হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

রফিকুলের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, রফিকুলের আর্ত চিৎকারে বের হলে হামলাকারী বাবুগাজী, সিরাজ, টুটুল ও শাহীনদের ধাওয়া করে কিন্তু ধরতে ব্যর্থ হয়। হামলাকারীদের সঙ্গে তাদের জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ দীর্ঘদিনের।