দুর্নীতিবাজ, মাদকাসক্ত, চাঁদাবাজ, সন্ত্রাসী ও হাইব্রিডদের আওয়ামী লীগের কমিটিতে কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং দলের জন্য পরীক্ষিত ও নিবেদিত কর্মীরাই কমিটিতে থাকবে।
গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার নবনির্বাচিত ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রেলপথমন্ত্রী।
মন্ত্রী বলেন, পদ পেতে সবাই আগ্রহী কিন্তু পদের যে দায়িত্ব সেটা পালন করতে আগ্রহী হয় না। যারা দলে প্রবেশ করে দলের ও সরকারের সুবিধা নিতে চায় তাদের দলে কোনো জায়গা নেই।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি আবার ক্ষমতায় এলে দেশে লুটপাট, অরাজকতা শুরু হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে পাশে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি বক্তব্য দেন।