কলাপাড়ায় সংঘর্ষে আওয়ামী লীগের সম্মেলন পণ্ড

দুপক্ষের চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর, হাতাহাতি ও মারধরের ঘটনায় পণ্ড হয়ে গেছে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। গতকাল মঙ্গলবার বিকেলে এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণের এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল গাজী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাচ্চুসহ পাঁচজন আহত হয়েছেন।

নেতাকর্মীরা জানান, বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা বদিউর রহমান বন্টিনের সভাপতিত্বে এমইউ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। দ্বিতীয় পর্বে সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণের ক্ষেত্রে একাধিক প্রার্থী থাকায় ভোটের ঘোষণা দেওয়া হয়। এরপরই শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। একপর্যায়ে সংঘর্ষে জড়ান নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অপ্রীতিকর এ ঘটনার জন্য ইউপি চেয়ারম্যান ও সভাপতিপ্রার্থী রিন্টু তালুকদার আরেক সভাপতিপ্রার্থী এসএম মোশাররফ হোসেন একে-অন্যকে দায়ী করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, ‘জরুরি সভা ডেকে সবার মতামতের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’