প্রেম নিয়ে জয়ার সরল স্বীকারোক্তি

বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ করছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। কাজের সুবাদে বেশির ভাগ সময় তাকে কলকাতাতেই থাকতে হচ্ছে। ফলে বেশ কয়েকবার এমন গুঞ্জনও শোনা যায়, কলকাতায় প্রেমও করছেন তিনি! তবে এসব গুঞ্জনের অবসান হলো ‘টাইমস অব ইন্ডিয়া’-কে দেওয়া জয়া আহসানের খোলামেলা সাক্ষাৎকারে! আসন্ন ছবি ‘রবিবার’কে কেন্দ্র করে প্রসেনজিৎ ও জয়া আহসানের দীর্ঘ আলাপচারিতা প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া। কথা প্রসঙ্গে চলে আসে জয়া আহসানের বিভিন্ন অর্জন ও ব্যক্তিগত সম্পর্কের কথাও। প্রশ্ন এড়িয়ে না গিয়ে ব্যক্তিগত বিষয়ে খোলামেলা উত্তর দেন জয়া। সাক্ষাৎকারে জয়া আহসানকে বলা হয়, কলকাতার এক তারকা জানিয়েছেন যে জয়া বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন। নিজের সম্পর্কে এই খবর শুনে জয়া আহসান বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এত কিছু কে বললেন?’ এরপর জয়াকে জিজ্ঞেস করা হয়, তাহলে কি এই খবর গুজব? উত্তরে জয়া বলেন, ‘না। আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।’

জয়া এখন ব্যস্ত আছেন কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ ছবির শ্যুটিং নিয়ে। সেপ্টেম্বরে শ্যুটিং করেছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ ছবির। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার।’ ছবিতে প্রথমবারের মতো প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন জয়া। সব মিলেয়ে দারুণ সময় পার করছেন তিনি। তার অভিনীত কলকাতার প্রথম কোনো সিনেমা সম্প্রতি বাংলাদেশে মুক্তি পায়। শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ সিনেমায় তিনি দুই বাংলার দর্শকেরই দারুণ প্রশংসা পেয়েছেন। সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০১৮ সালের সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এ নিয়ে চার বার এই পুরস্কার অর্জন করছেন তিনি। নিজের প্রযোজিত হুমায়ূন আহমেদের দেবী উপন্যাসের রানু চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন তিনি। এর আগে ‘গেরিলা’, ‘চোরাবালি’ ও ‘জিরো ডিগ্রি’ সিনেমাতে অভিনয় করে জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়া ‘বিসর্জন’ সিনেমার জন্য পেয়েছেন ভারতের নামকরা ফিল্মফেয়ার ও জি সিনে অ্যাওয়ার্ড। সেরা বাঙালি পুরস্কারও রয়েছে তার ঝুলিতে।