আগামীকাল শুরু হবে বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৯। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের এ মেলা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
গতকাল পল্টনে ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘সপ্তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো’র সভাপতি এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এ সময় বাপার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ইত্তাদুল হক, রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক চান মোহন সাহা উপস্থিত ছিলেন।