গাজীপুরে ওবায়দুল কাদের

কাউকে শাস্তি দিতে সড়ক আইন করেননি শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাউকে শাস্তি দিতে নতুন সড়ক আইন করেননি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ আইন করা হয়েছে জনস্বার্থে, প্রয়োগে বাড়াবাড়ি হবে না। গতকাল মঙ্গলবার গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন,

ধর্মঘট করে মানুষকে কষ্ট দেবেন না। সড়ক পরিবহন আইন মেনে চলুন। এ আইন কারও ক্ষতি করবে না। জনস্বার্থে এ আইন করা হয়েছে। সড়কের যে আইন হয়েছে সেজন্য আমি পরিবহন মালিক, শ্রমিক, ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতাদের অনুরোধ জানাব আইনটি মেনে চলুন। তিনি বলেন, শুধু জনগণের স্বার্থে, আপনাদের স্বার্থে সড়কে আজ শৃঙ্খলা দরকার। এ আইন সড়কের শৃঙ্খলার জন্য, কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়। শেখ হাসিনা সড়কের আইন করেছেন কাউকে শাস্তি দিতে নয়। আইনের প্রয়োগ বাড়াবাড়ি হবে না।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রমুখ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে, দুর্নীতির চক্র, দুর্র্বৃত্তায়নের চক্র ভেঙে দেওয়া পর্যন্ত এ অ্যাকশন চলতেই থাকবে। এ চক্র ভেঙে দিতে হবে। তিনি বলেন, এত উন্নয়ন, এত অর্জন, আমাদের নেত্রীর এত ত্যাগ, এত সাহস, এত সততাÑ এর সোনালি ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন আর অর্জনের কোনো দাম নেই যদি আচরণ খারাপ হয়। ভালো ব্যবহার না করলে ভালো উন্নয়নের দাম নেই। মানুষকে খুশি করাই আপনাদের কাজ।

ওবায়দুল কাদের বলেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের পকেটে আনবেন না। এই খারাপ লোকেরা বসন্তের কোকিল। বসন্ত আসলে আসবে ক্ষমতা, চলে গেলে পাঁচ হাজার পাওয়ারের বাতি জলিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না। পেঁয়াজের দাম কমছে জানিয়ে তিনি বলেন, কয়েক দিনের মধ্যে পেঁয়াজের মূল্য স্বাভাবিক হবে। লবণ নিয়ে অনেকে কারসাজি শুরু করেছে খবর পাচ্ছি। সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বিএনপির আর কোনো ইস্যু নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপির নেতারা ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। একটার পর একটা ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। বিএনপির হাতে আমরা কোনো ইস্যু দেব না।’