মিথ্যা অপবাদ দিয়ে ছেলেকে চাকরিচ্যুত করার অভিযোগ এনে এবার রংপুরের এক মুক্তিযোদ্ধা সপরিবারে আমরণ অনশনে বসেছেন। বিষয়টি সমাধান না হলে রঙ্গলাল মহন্ত নামের ওই মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা ও সকল সুবিধা বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংকের সামনে আমরণ অনশনে বসেন মুক্তিযোদ্ধা
রঙ্গলাল মহন্ত ও তার পরিবার।
রঙ্গলাল জানান, তার ছেলে মুদ্রা-নোট পরীক্ষক সাধন চন্দ্র মহন্তের বিরুদ্ধে হিসাবের গরমিলের মিথ্যা অভিযোগ আনা হয়েছে। সুষ্ঠু তদন্ত না করেই বাধ্যতামূলক চাকরিচ্যুত করা হয়েছে। অথচ একই অপরাধের অভিযোগে আরেকজনকে লঘু সাজা দিয়ে চাকরিতে বহাল রাখা হয়েছে।
এই মুক্তিযোদ্ধার ভাষ্য, তার ছেলে সাধন চন্দ্র মহন্ত কোনো ষড়যন্ত্রের শিকার। বিষয়টি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ছেলেকে চাকরিতে বহালের দাবি জানান তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বলেন, মৃত্যুর আগে এবং পরে সকল রাষ্ট্রীয় মর্যাদা ও সুযোগ সুবিধা বর্জনের ঘোষণাও দেন।
এ বিষয়ে চাকরিচ্যুত সাধন চন্দ্র মহন্তের ভাষ্য, সিসিটিভির ফুটেজ দেখে পুনঃতদন্ত করলে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। তিনি জানান, ২০১২ সালের ১৫ জানুয়ারি থেকে তিনি বাংলাদেশ ব্যাংকের রংপুর অফিসে চাকরি করে আসছেন। চলতি বছর মে মাসে বান্ডিল করা প্যাকেট থেকে দুই দফায় এক হাজার পঞ্চাশ টাকা কম পাওয়ার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। সাধন এটাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের রংপুর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলার রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তৎকালীন নির্বাহী পরিচালক গোলাম হায়দার বলেন, আমি দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল, তা তদন্ত করে প্রচলিত বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি রংপুর থেকে বদলি হয়েছি। এ বিষয়ে কথা বলতে পারব না।