জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে বিদেশে পাচারের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার
সংস্থাটির এসআই রায়হানুল ইসলাম বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা (নং-২৩/২০১৯) করেন।
এজাহারে বলা হয়, লোকমান ক্যাসিনো থেকে পাওয়া ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা বিদেশে পাচার করেছেন।
সিআইডির অরগানাইজড ক্রাইম (ইকোনমিক ক্রাইম স্কোয়াড) শাখার বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামালের তদারকিতে এসআই রায়হানুল এটি তদন্ত করছেন, যার অংশ হিসেবে এ মামলা করা হলো।
ক্যাসিনো কারবারির অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর মণিপুরিপাড়ার বাসা থেকে লোকমানকে গ্রেপ্তার করা হয়। এরপর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৭ অক্টোবর লোকমানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম মামলা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের কাছে মোহামেডান ক্লাবের খালি অংশ ভাড়া দিয়ে দিনে ৭০ হাজার টাকা হিসেবে মাসে ২১ লাখ টাকা নিতেন লোকমান। ক্যাসিনো পরিচালনা থেকে ৪১ কোটি টাকা তিনি অস্ট্রেলিয়ায় পাচার করেন। ওই টাকা রাখা হয়েছে দেশটির এএনজেড ও কমনওয়েলথ ব্যাংকে।