বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়ন বিশ্বের দৃষ্টি কেড়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘বিচার ব্যবস্থা একটি দেশের আদর্শ উন্নয়নের মাপকাঠি। আমাদের বিচার ব্যবস্থা অনেক
দূর এগিয়েছে। তুলনামূলক অন্যান্য দেশের চেয়ে আমাদের বিচার ব্যবস্থা অনেক ভালো। আমাদের রায় এখন অন্য দেশ অনুকরণ করছে।’
গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের
শহীদ শফিউর রহমান মিলনায়তনে ল’ চেম্বার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের হালনাগাদ সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ল’ ম্যানেজমেন্ট সিস্টেম আইনজীবীদের জন্য আধুনিক তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধিত, পরিশীলিত ও পরিমার্জিত একটি ব্যবস্থা। এটি একটি ডিজিটাল ব্যবস্থা। এ ব্যবস্থা জুডিশিয়াল প্রসেসকে এগিয়ে নিয়ে যাচ্ছে, স্বচ্ছতা নিশ্চিত করছে।
শ ম রেজাউল বলেন, ‘আমাদের মধ্যে আত্মসমালোচনা নেই। এজন্য পক্ষে রায় গেলে স্বাগত জানাই, বিপক্ষে গেলে বলি আজ্ঞাবহ বিচার হয়েছে। এ প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। জুডিশিয়ারি যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য সবাই মিলে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সমাজব্যবস্থার বল্গাহীন স্রোতে জুডিশিয়ারিকে সবাই মিলে ধারণ, লালন ও শ্রদ্ধা করতে হবে। এর মাধ্যমে স্বাধীনতাকে আরও সুসংহত করতে হবে।’
ছিদ্দিক এন্টারপ্রাইজের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন। প্রধান অতিথি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছাড়াও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।