শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। দেশটিতে গত রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। ক্ষমতায় বসার পর তিনি প্রথম পদক্ষেপ হিসেবেই বড় ভাই মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী করেছেন বলে
জানিয়েছে এএফপি।
দুবার প্রেসিডেন্ট থাকা মাহিন্দা আজ প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের পরই ছোট ভাইয়ের কাছে শপথ নেবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই মাহিন্দা নতুন মন্ত্রিসভার অনুমোদন দেবেন। আগামী এপ্রিলে পার্লামেন্ট নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগ পর্যন্ত গোতাবায়া সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে পারেন, এমন সম্ভাবনাও রয়েছে।
প্রসঙ্গত, রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনে রনিলের পার্টির ব্যাপক পরাজয় হয়।
সরকারের মুখপাত্র বিজয়ানন্দ হেরাত জানিয়েছেন, বৃহস্পতিবার (আজ) সকালে রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মাহিন্দা রাজাপাকসে।
দুই রাজাপাকসের বিরুদ্ধেই শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের ওপর চালানো নির্যাতনের অভিযোগ আছে। প্রায় চল্লিশ হাজার তামিল বেসামরিক মাহিন্দার আমলে সেনাবাহিনীর হাতে নিহত হয়। ২০০৫-২০১৫ সালের মধ্যে এই দুই ভাইয়ের হাত ধরে শ্রীলঙ্কাকে অবকাঠামোগত খাতে সাত বিলিয়ন ডলার ঋণ দেয় চীন। এই বিপুল পরিমাণ অর্থের অধিকাংশই লোপট হয়ে যায়। সিরিসেনার আমলে এই দুর্নীতি নিয়ে বেশ সমালোচনাও হয়।
রাজাপাকসেরা চার ভাই। বড় ভাই চমল ছিলেন পার্লামেন্টের স্পিকার। তারপরই মাহিন্দা, গোতাবায়া ও বাসিল। ছোট ভাই বাসিলও রাজনীতিতে সক্রিয়।