রাজনৈতিক বিজ্ঞাপনে গুগলের কড়াকড়ি

রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য বিশ্বজুড়ে নতুন নীতিমালা করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজনৈতিক বিজ্ঞাপনদাতাদের সাহায্য করতে অনলাইন ব্যবহারকারীর চাহিদা আর বিশ্লেষণ করবে না তারা।

একজন ব্যবহারকারী নিয়মিত কোন ধরনের ওয়েবসাইটে ঢুঁ মারেন, সেটি বিশ্লেষণ করে গুগল বুঝে যায় কে কোন রাজনৈতিক মতাদর্শের। সেই অনুযায়ী তাদের কাছে বিজ্ঞাপন পাঠানো হয়।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের নতুন নীতিমালা সহযোগী প্রতিষ্ঠান ইউটিউবের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এই নীতিমালা যুক্তরাজ্যে এক সপ্তাহের মধ্যে কার্যকর হবে। অন্য অঞ্চলে আসবে ধারাবাহিকভাবে।

ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের সুবিধা বন্ধ করলেও বিজ্ঞাপনদাতা বয়স, লিঙ্গ এবং লোকেশন টার্গেট করে ঠিকই ‘অ্যাড’ দিতে পারবেন।

অনলাইনে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কয়েক মাস ধরে বেশ আলোচনা হচ্ছে। টুইটার ইতিমধ্যে এই ধরনের বিজ্ঞাপন বন্ধ করার ঘোষণা দিয়েছে। ফেইসবুক আবার চালিয়ে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে পড়েছে।

গুগল বলেছে, কোনো রাজনৈতিক বিজ্ঞাপনে বিভ্রান্তিকর বক্তব্য থাকার বিষয়ে নিশ্চিত হলে তারা ব্যবস্থা নেবে।