পুঠিয়ায় অস্ত্র ও মাদক কারবারি বাবু গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় শীর্ষ এক অস্ত্র ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাত ১১টার দিকে নামাজগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তার নাম সুজন আলী ওরফে বাবু (৩০)। পুঠিয়া উপজেলার নামাজগ্রামে তার বাড়ি। বাবার নাম আবুল কালাম।

রাজশাহী র‌্যাবের অধিনায়ক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাবুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান সাটারগান, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ২ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫ এর অধিনায়ক জানান, বাবু রাজশাহীর একজন শীর্ষ মাদক এবং অস্ত্র ব্যবসায়ী। তিনি বিভিন্ন বড় বড় অস্ত্রের চালান পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। স্থানীয়দের পক্ষ থেকেও তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র কারবারের অভিযোগ ছিল। বাবুর বিরুদ্ধে মাদক ও চুরির মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক এবং অস্ত্রের আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকালে রাজশাহী র‌্যাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ৬ মাসে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাটে অভিযান চালিয়ে ৫৪টি আগ্নেয়াস্ত্র, ১৬৬ রাউন্ড গুলি, ৫০টি ম্যাগাজিন, প্রায় ১৯ কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৫ এর সদস্যরা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, রাজশাহী জেলা ও নগরী থেকে এ বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত মোট ৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশি পিস্তল ৮টি, ওয়ান সাটারগান ১টি, ম্যাগাজিন ১৫টি, গুলি ৩১ রাউন্ড, হেরোইন ৫ কেজি ৯৪৬গ্রাম, ফেন্সিডিল ৪ হাজার ৪৩৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫৬ হাজার ৫৭৯ পিস, গাঁজা ১৮১ কেজি ৮৭ গ্রাম, চোলাই মদ ২৯৪০ লিটার, বিদেশি মদ ২০৩ বোতল, বিয়ার ২০ ক্যান উদ্ধার করা হয়।