শেয়ার ব্যবসা করতে পারবেন মার্চেন্ট ব্যাংকের প্রধান

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা ব্যবস্থাপনা পরিচালকদের বিধিনিষেধ অপসারণ করা হয়েছে। এখন থেকে পুঁজিবাজারে তারা বিও (বেনিফিসিয়ারি ওনার্স) হিসাব খুলে শেয়ার ব্যবসা করতে পারবেন। গতকাল কমিশন সভায় এ সংক্রান্ত সিকিউরিটিজ আইন পরিবর্তন করে এমন সুযোগ দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বর্তমানে এসইসির নিবন্ধিত ৬২টি মার্চেন্ট ব্যাংক রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা ব্যবস্থাপনা পরিচালকদের সিকিউরিটিজ আইনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ নিষিদ্ধ করা ছিল। গতকাল এ সংক্রান্ত আইন সংশোধনের মাধ্যমে তাদের ওপর বিনিয়োগের বিধিনিষেধ শর্তসাপেক্ষে তুলে নেওয়া হয়েছে।

গতকাল কমিশন সভায় এ সংক্রান্ত বিধিমালায় সংশোধন প্রস্তাব কিছু পরিবর্তন সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এর ফলে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কোনো মার্চেন্ট ব্যাংকার বা তার ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তারা ইস্যু ব্যবস্থাপনায় নিয়োজিত কোম্পানির সিকিউরিটিজ বাদে অন্য কোম্পানির সিকিউরিটিজ কেনাবেচা করতে পারবেন।