রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। রাষ্ট্রপ্রধান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সশস্ত্র বাহিনী দেশের গর্ব। তারা
ইতিমধ্যেই দেশের নিরাপত্তা নিশ্চিত ও আর্থ-সামাজিক উন্নয়নে এবং শান্তিরক্ষী মিশনে কার্যকর ভূমিকার মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
রাষ্ট্রপতি বলেন, সরকার ‘ফোর্সেস গোল-২০৩০’-এর আওতায় তিন বাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনীর কল্যাণে সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৈঠকে তিন বাহিনীর প্রধানগণ সংশ্লিষ্ট বাহিনী কর্র্তৃক গৃহীত বিভিন্ন কল্যাণকর কর্মকাণ্ড ও সময়োচিত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।