বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

পেঁয়াজ বিক্রি জোরদার করবে টিসিবি

৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি আরও জোরদার করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিক্রয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিভিন্ন দেশ থেকে কার্গো বিমান ও জাহাজে আমদানি করা পেঁয়াজ টিসিবির মাধ্যমে সারা দেশে বিক্রি করার মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ফেরানো হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টিসিবি ঢাকাসহ সারা দেশে বিভাগ ও জেলায় ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি জোরদার করেছে। ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাকসেলের মাধ্যমে এ পেঁয়াজ বিক্রি চলছে।’

এতে বলা হয়েছে, সরকার বিশেষ উদ্যোগ নিয়ে আকাশ ও সমুদ্রপথে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি শুরু করেছে। ইতিমধ্যে আকাশ ও সমুদ্রপথে পেঁয়াজের চালানগুলো দেশে পৌঁছাতে শুরু করেছে। বিভিন্ন এয়ার লাইন্সযোগে মিসর, তুরস্ক, পাকিস্তান থেকে এসব পেঁয়াজ আমদানি হচ্ছে। সরকার পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে বিক্রির ব্যবস্থা নিয়েছে।

‘ইতিমধ্যে দেশি পেঁয়াজ (পাতাসহ) পর্যাপ্ত বাজারে এসেছে। পেঁয়াজের মূল্যও দ্রুতগতিতে কমছে। এখন পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক হচ্ছে’Ñ বলা হয়েছে এতে।