ইডেনে খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় (ভিডিও)

দারুণ উৎসবের আবহে শুরু হচ্ছে বাংলাদশ ও ভারত মধ্যকার কলকাতা টেস্ট। ভারতের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট। কৃত্রিম আলোয় গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলার স্বাদ পেতে যাচ্ছে বাংলাদেশও।

ইডেন গার্ডেনসে ঐতিহাসিক টেস্ট ম্যাচটির বল মাঠে গড়ানোর আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও।

উভয় দলের সঙ্গে পরিচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলতেও দেখা গেছে তাকে।

শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের ক্রিকেটারদের সঙ্গেও। দলটির অধিনায়ক বিরাট কোহলি প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী মাঠে প্রবেশের সময় গ্যালারিতে থাকা সমর্থকরা দাঁড়িয়ে অভিবাদন জানাতে দেখা গেছে। শেখ হাসিনাও হাত নাড়িয়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন।

ঐতিহাসিক টেস্টটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।