মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বখাটের লাথির আঘাতে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে যশোর উপশহর সারথী মিল এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ বখাটে হোসেন আলীকে আটক করেছে।
নিহত রাজ্জাকের ছেলে রাজন জানান, তার বোনকে (২০) প্রায়ই উত্ত্যক্ত করত প্রতিবেশী হোসেন আলী। সে তার বোনের ছবি ও অন্য কারো সঙ্গে ফোনালাপ রেকর্ড করে এবং অপর একজনকে দিয়ে কুপ্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে সে ফোনালাপ ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। রজনী বিষয়টি তার বাবা-মাকে জানায়। এ নিয়ে শুক্রবার সকালে তাদের বাবা হোসেনের কাছে বিষয়টি জানতে গেলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেনকে একটি চড় মারেন রাজ্জাক। এ সময় হোসেন তাকে বুকে লাথি মারলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান ও অচেতন হয়ে পড়েন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ সময় প্রতিবেশী অন্যরা হোসেনকে আটক করে। খবর পেয়ে পুলিশ রাজ্জাকের বাড়িতে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফের হাসপাতালে পাঠায়।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থানীয়ভাবে জানতে পেরেছি একটি অডিও রেকর্ড নিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করছিল হোসেন। এ নিয়ে আজ গোলযোগের একপর্যায়ে হোসেনের লাথিতে রাজ্জাকের মৃত্যু হয়। এ অভিযোগে হোসেনকে আটক করা হয়েছে।
মৃতের পরিবারের অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে বলে তিনি জানান।