জমি নিয়ে বিরোধ

ঈশ্বরদীতে মা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে জখম

পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মানিকনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানিকনগর পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমানের সঙ্গে একই এলাকার আলম মালিথার জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে আলম মালিথা ও তার ভাই লতিফ মালিথার নেতৃত্বে ১৫-২০ জন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে আবদুর রহমানের মুরগির খামারে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় আবদুর রহমানের দুই ছেলে শুক চাঁদ (৪০) ও জসিম (৩৫) বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তাদের মা সেলিনা খাতুন ও তার পুত্রবধূ আরজিনা খাতুন এগিয়ে এলে তাদেরও মারপিট ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে তারা। শুক চাঁদ ও জসিমের মাথায় ধারালো অস্ত্রের আঘাত গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আবদুর রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেন।

আবদুর রহমান অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে আলম মালিথার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এ সময় হামলাকারীরা ব্যাপক তা-ব চালায়।