কুড়িগ্রামে নৌপরিবহন প্রতিমন্ত্রী

চিলমারীতে নৌবন্দর ও টার্মিনাল নির্মাণ করা হবে

কুড়িগ্রামের চিলমারীতে একটি নৌবন্দর ও যাত্রীদের জন্য একটি টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বন্দরটি নির্মাণের পর ভারত ও ভুটান সেটি ব্যবহার করতে পারবে। আশা করছি রুটটি চালু হয়ে গেলে এ এলাকার অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে।’ গতকাল শুক্রবার সকালে চিলমারী নদীবন্দর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে এ-সংক্রান্ত একটি প্রটোকল চুক্তি হয়েছে। ভুটান সরকারও বন্দরটি ব্যবহারের জন্য আলোচনা চালাচ্ছে। দেশটির রাষ্ট্রদূত ইতিমধ্যে চিলমারী বন্দর এলাকা পরিদর্শন করে গেছেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। সরকারি অনুমোদনের জন্য আগামী ১৫ দিনের মধ্যে এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) তোলা হবে।’

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সাংসদ মো. জাফর আলী, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় চিলমারী পৌঁছান মন্ত্রী। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষ করে চিলমারী নদীবন্দর পরিদর্শনে যান তিনি।