স্বামী ঝুলছিলেন আড়ায় স্ত্রী পড়ে ছিলেন বিছানায়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার মধ্যপাড়া গ্রাম থেকে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ এক দম্পতির লাশ উদ্ধার করেছে। স্বামী রাজমিস্ত্রি হইজন প্রামাণিকের (৫৫) লাশ ঝুলছিল ঘরের আড়ায় আর স্ত্রী রেখা খাতুনের (৫০) লাশ পড়েছিল বিছানায়। এটি হত্যা না আত্মহত্যা, নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ জানান, তিনি জেনেছেন হইজন প্রামাণিকের লাশ ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে ঝোলানো ছিল। আর স্ত্রী রেখা খাতুনের লাশ বিছানায় পড়ে ছিল। এটি হত্যা না আত্মহত্যা, তা বাড়ির কেউ বলতে পারছে না।

স্থানীয়দের কারও কারও ধারণা, গভীর রাতে পারিবারিক কলহের জেরে হইজন প্রামাণিক শ্বাসরোধ করে রেখা খাতুনকে হত্যা করেন। পরে অনুশোচনায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

রেখার ভাই রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তার বোন ও ভগ্নিপতি ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে তারা ঘুম থেকে না ওঠায় তাদের ছোট ছেলে লিখন ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে বাবার লাশ আড়ায় ঝুলে থাকতে দেখে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

থানায় খবর দিলে দুপুরে পুলিশ লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে শাহজাদপুর থানা সার্কেলের এসপি ফাহমিদা হক শেলী ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আসলাম আলী জানান, রেখার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।