যুবলীগ ঢাকা উত্তর দক্ষিণের সম্মেলন ডিসেম্বরে : কাদের

যুবলীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সম্মেলন আগামী ডিসেম্বরে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপির মিথ্যাচার ও অপপ্রচার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আজ শনিবার যুবলীগের কংগ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এজন্য সোহরাওয়ার্দী উদ্যানে সরকারের মেগা প্রজেক্ট পদ্মা সেতুর আদলে গড়ে তোলা হয়েছে উদ্বোধনী মঞ্চ। দ্বিতীয় সেশনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠনটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার কথা রয়েছে।

যুবলীগের কেন্দ্রীয় কংগ্রেসের দিন মহানগর উত্তর-দক্ষিণের নেতৃত্ব ঘোষণা করা হবে কি না– জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলন ছাড়া উত্তর-দক্ষিণ কমিটি আমরা করব কীভাবে? আমরা আশা করছি, আমাদের জাতীয় কাউন্সিলের পর মহানগর উত্তর ও দক্ষিণের (কাউন্সিল) আয়োজন করবে যুবলীগের নতুন কমিটি।’

যুবলীগের কংগ্রেস নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যুবলীগের নেতৃত্ব কাউন্সিলররা ঠিক করবেন। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের অভিভাবক সভাপতি রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার মূল্যবান পরামর্শ আমরা নেব নেতৃত্বের দ্বার উন্মোচনে। এখানে কে নেতা হবেন, এই মুহূর্তে বলতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘যদি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির রক্তের উত্তরাধিকার কাউকে এখানে চায় পরবর্তী নেতা হিসেবে, সেটা অবশ্যই যুবলীগের অধিকার আছে।’

যুবলীগের অনেকের বিরুদ্ধে কংগ্রেসে সংশ্লিষ্টতা না থাকার নির্দেশ রয়েছে, এ ড়্গেত্রে কারা থাকতে পারবেন, কারা পারবেন না, এমন কোনো নির্দেশনা আছে কি না– সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যতক্ষণ না যুবলীগের সম্মেলন কাউন্সিল অধিবেশন এবং বিদায়ী কমিটি বিলুপ্ত হবে... আপনারা এর আগে লক্ষ করেছেন, বিদায়ী কমিটির বিলুপ্ত হওয়া পর্যন্ত তারা কিন্তু থাকবেন না। কিন্তু কাউন্সিল পর্যন্ত বর্তমান কমিটিতে যারা আছেন তারা বয়সের ক্যাটাগরি এখানে কাজ করবেন। কাজ করবেন পরবর্তী নেতৃত্ব নির্বাচনে। এখন যারা আছেন তারা নতুন কমিটি ঘোষণা পর্যন্ত সম্মেলনে থাকতে পারবেন।’

বর্তমান বাজার পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে– বিএনপি নেতা মওদুদ আহমদের এ বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সবকিছুর ওপর এখন নিয়ন্ত্রণ আছে, দেশের সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে। কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নেই এক জায়গায়, সেটা হচ্ছে বিএনপির মুখের ওপর। তাদের যে মুখের ভাষা, মিথ্যাচার-অপ্রপচার এর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’

দেশের অনেক জায়গায় এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি– এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন মন্ত্রী কাদের বলেন, ‘সড়ক পরিবহন নিয়ে যে সমস্যা ছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলোচনার পর (বুধবার) গভীর রাতে এটা সমঝোতা হয়েছে, সমাধান হয়েছে। গতকাল থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলছে। কোথাও কোথাও বিঘ্ন ঘটেছে, এটা আজ থেকে স্বাভাবিক হয়ে যাবে।’

এ সময় আরও উপস্থিতি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি প্রমুখ।