পুরান ঢাকার কদমতলী এলাকা থেকে বেলাল হোসেন নামে অপহৃত যুবককে কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় অপহরণকারী চক্রের সদস্য নাদিমকে গ্রেপ্তার করে র্যাব। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত বৃহস্পতিবার রাতে ওই যুবককে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর অভিযোগ পেয়ে গতকাল বিকেলে তাকে উদ্ধার করা হয় জানিয়ে র্যাব-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবারের কাছ থেকে বৃহস্পতিবার রাতে অভিযোগ পাওয়ার পরপরই বেলালকে উদ্ধারের চেষ্টা চলছিল। পরে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে দীর্ঘ চেষ্টার পর দক্ষিণ কেরানীগঞ্জের মুহুরীপট্টির বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। সেখানকার একটি বাড়িতে অপহৃত যুবককে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল।
এ ঘটনায় কদমতলী থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া বেলাল হোসেন কদমতলীর পূর্ব জুরাইন নামা শ্যামপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।