হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানসহ আটক ১৫ জঙ্গি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর উলাই’য়াহ বাংলাদেশ এর চট্টগ্রাম আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মাদ এরশাদুল আলমসহ (৩৯) ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

শনিবার সকালে নগরের দামপাড়া পুলিশ লাইনসে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে সারা রাত অভিযান চালিয়ে নগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।  

আটককৃত অন্যরা হলেন- নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মোহাম্মাদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিমুদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪), আফজাল হোসেন আতিক (৩৫), মো. সম্রাট (২২), ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইসমাইল (২৫), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০) ও নাসিরুদ্দিন চৌধুরী (২৯)।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর উলাই’য়াহ বাংলাদেশ এর চট্টগ্রাম আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি বাঁশখালীর কালীপুর ইউনিয়নের গুনাগরী এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি বায়েজিদ চক্রেসো কানন আবাসিক এলাকায় থাকতেন।

আমেনা বেগম জানান, হিযবুত তাহরীর উলাই’য়াহর আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীদের জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করাতেন। পাশাপাশি বিএনসিসির সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের টার্গেট করতেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা কোচিংয়ের যাওয়ার নামে বাসা থেকে বেরিয়ে জঙ্গিবাদে যুক্ত হয়ে যেতো। সন্তানরা কে কোথায় যাচ্ছে, সেই বিষয়ে অভিভাবকদের নজর বাড়ানোরও তাগিদ দেন তিনি।

অভিযানে নেতৃত্ব দেওয়া নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ দেশ রূপান্তরকে বলেন, বেশ কয়েক দিন ধরে হিযবুত তাহরীরের সদস্যরা নগরের আসকারদীঘি, কাজিরদেউরিসহ আশপাশের এলাকায় পোস্টার ও লিফলেট বিলি করছিল বলে আমাদের কাছে তথ্য আসে। পরে এসব এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা করা হয়। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী তাদের নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে শুক্রবার দুপুরে আন্দরকিল্লা জামে মসজিদের সামনে লিফলেট বিলি করার সময় ওয়ালিদ ইবনে নাজিম ও মো. ইমতিয়াজ ইসমাইল নামে হিযবুত তাহরীরের ২ সদস্যকে আটক করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যানুযায়ী শুক্রবার সন্ধ্যা থেকে ৫ টিমে ভাগ হয়ে অভিযান শুরু করি। সাঁড়াশি এই অভিযানে নগরের নতুন চান্দগাঁও আবাসিক, বায়েজিদে অভিযান চালিয়ে মোট ১৫ জনকে আটক করা হয়। তাদের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, তাদের কাছ থেকে সংগঠনের ২ লাখ ৮২ হাজার টাকা, হিযবুত তাহরীরের তথ্যসহ দুইটি ল্যাপটপ ও ডিভাইস, হিযবুত তাহরীরের প্রচারপত্র, গঠনতন্ত্র, ট্রেনিং ম্যানুয়েল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।