চাঁদপুর মুক্তিযোদ্ধা কমান্ডার

ফ্রিডম পার্টির সঙ্গে জড়িত অভিযোগে সংবাদ সম্মেলন

বিতর্কিত ফ্রিডম পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ ওয়াদুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চাঁদপুরের মুক্তিযোদ্ধারা। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে ‘সম্মিলিত মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডারবৃন্দ’ ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদুল আলম রব। তিনি জানান, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ জেলা মুক্তিযোদ্ধা সংসদে দায়িত্ব পালনকালীন সময়ে বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করেন। বিশেষ করে ভুয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট প্রদান, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে আর্থিক সুবিধা গ্রহণ, নিজের নামের আগে ‘লেফটেন্যান্ট’ ব্যবহার ইত্যাদি। এছাড়া তিনি ১৯৮৬ সালে জাতীয় পার্টির কৃষিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন এবং পরবর্তী সময়ে ফ্রিডম পার্টিতে যোগদান করেন। এ বিষয়ে মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমিন উল্যাহ পাটওয়ারী বীরবিক্রম, হানিফ পাটোয়ারী, মিঞা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।