দুর্নীতিবাজ, সুবিধাভোগী ও দলে অনুপ্রবেশকারী বিতর্কিতদের আওয়ামী লীগে ঠাঁই হবে না। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাকর্মীদের নতুন কমিটিতে নেওয়া হবে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিংয়ের একটি কমিউনিটি সেন্টারে এ স্মরণসভার আয়োজন করে চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগ।
চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি প্রমুখ।