ইন্টারনেটে আসক্তি কমাতে শিশুদের মুরগির বাচ্চা ও মরিচের বীজ দিল ইন্দোনেশিয়ার একটি শহর কর্র্তৃপক্ষ।
সিএনএন জানায়, দেশটির রাজধানী জাকার্তা থেকে দেড় শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বানডাং শহর কর্র্তৃপক্ষ দুই হাজার মুরগির বাচ্চা ও দেড় হাজার মরিচের বীজ বিতরণ করে।
শিশুদের স্মার্টফোন ও স্মার্টটিভি থেকে দূরে রাখতে ১২টি স্কুলের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। মুরগির বাচ্চা লালন-পালন ও বীজ বুনে গাছের পরিচর্যায় কমবে শিশুদের স্ক্রিন আসক্তি, এমনটিই আশা প্রকাশ করছে কর্র্তৃপক্ষ।
এ সপ্তাহের শুরুতে শিশুদের নিয়ে এই পাইলট প্রোগ্রাম উদ্বোধন করেন শহরের মেয়র ওডেড এম দানিয়েল। তিনি শিশুদের হাতে মুরগির বাচ্চা ও বীজ তুলে দেন।
গ্লোবাল ডিজিটাল রিপোর্ট ২০১৯ থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার মানুষ গড়ে প্রতিদিন সাড়ে আট ঘণ্টারও বেশি অনলাইনে সময় কাটায়; যা বৈশ্বিক মাপকাঠি দুই ঘণ্টা থেকে বেশি।