ফ্রান্সের বাণিজ্যিক এলাকায় নির্মিত নতুন ভবনের ছাদে সোলার বা সৌর প্যানেল অথবা গাছ লাগানো বাধ্যতামূলক করে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। দেশটির পরিবেশবাদীদের দাবির মুখে দেশটির সংসদ এই আইন পাস করেছে। এতে পুরো ছাদ ঢেকে হয় গাছ লাগাতে হবে, নয়তো সৌর প্যানেল বসাতে হবে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বাড়ির ছাদে গাছ লাগানোর ধারণার সঙ্গে ইতিমধ্যে জার্মানি ও অস্ট্রেলিয়া মানিয়ে নিয়েছে। কানাডার টরন্টোতে এ ধরনের একটি আইন ২০০৯ সালে পাস হয়েছে। এতে বাণিজ্যিক ও আবাসিক উভয় ধরনের ভবনের ছাদেই গাছ লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এর আগে বলেছিলেন, বাড়ির ছাদে ও আঙিনায় গাছ লাগালে হোল্ডিং করে ১০ শতাংশ মওকুফ পাওয়া যাবে।