জমি নিয়ে বিরোধ

পাবনায় স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়ায় আশরাফ আলী (৪৫) নামে এক শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফ উপজেলার

ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের ছেলে মোহাম্মদ হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সকাল ৭টার দিকে বাড়ির পাশের মাঠে আফজালের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে লাঠি দিয়ে আফজাল তাকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

আটঘরিয়া থানার ওসি রকিবুল ইসলাম জানান, পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।