মুনাফাখোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অসাধু ব্যবসায়ী, লুটেরা, মুনাফাখোর ও মজুদদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এরা গুজব ছড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে।
রাষ্ট্রপতি গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন। তিনি বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ রয়েছে। অসাধু ব্যবসায়ী,
মুনাফাখোর, লুটেরা ও মজুদদারদের মধ্যেও ঐক্য রয়েছে। এখন এসব দুষ্কৃতকারীর বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্প্রতি পেঁয়াজ, লবণ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করে তিনি এই পরিস্থিতির তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এতে সাধারণ জনগণকে দুর্ভোগ পোহাতে হয়েছে।
রাষ্ট্রপতি পেঁয়াজ, লবণ ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদের ব্যাপারে গুজব সম্পর্কে সতর্ক থাকার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘গণমাধ্যমকর্মীদেরও এর বিরুদ্ধে ব্যাপক প্রচার চালাতে হবে।’
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, ‘বিভিন্ন দেশে ধর্মীয় উৎসব উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হ্রাস পায়। এমনকি রমজান মাসে মধ্যপ্রাচ্যের মানুষও পণ্যের মূল্য হ্রাস করে। কিন্তু বাংলাদেশে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। এদেশে রমজান মাস এলেই ইফতারি তৈরিতে ব্যবহৃত বেগুন, শসা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়।’ তিনি বলেন, ‘জনগণকে অবশ্যই এই দুষ্কর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
রাষ্ট্রপতি উচ্চশিক্ষা যাতে কোনোক্রমেই সনদসর্বস্ব না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানসম্মত না হলে শিক্ষা মূল্যহীন। রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা।’
মোট ৩ হাজার ২৫০ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে গ্রাজুয়েট লাভ করেছে। এদের মধ্যে চারজনকে চমৎকার ফলাফলের স্বীকৃতিস্বরূপ স্বর্ণপদক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী অরিত্র রায় আর্চ। বাসস