ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিসহ চারদিকে সরকারের ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। গতকাল শনিবার বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরে
বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা বিএনপি সমাবেশ করেছে। সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মরহুম শাহেদ আকন্দ সম্রাটের বাসভবনে যাচ্ছিলেন পরিবারকে সান্ত¡না দিতে। পথে মির্জা আব্বাসের গাড়িবহর থেকে বিএনপির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে।
বিবৃতিতে আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মূলত দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার নেতৃবৃন্দের মূলোৎপাটন করতেই সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, জুলুম চালাচ্ছে। আর তারই শিকার হলো আকন কুদ্দুসুর রহমান। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে বর্তমান অবৈধ সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে তাতে দলের নেতাকর্মীরা কেউ বিপর্যস্ত হবে না।