পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

সাতক্ষীরার কাশেমপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র শরিফুজ্জামানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে শহরের কাশেমপুরের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে। তিনি সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী ওই মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল।

এ সময় তাদের বাড়ির পাশে থাকা একটি ছাত্রাবাসে শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। রুমের ভেতর নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি গিয়ে তার বাবা-মার কাছে এ ঘটনা বললে তারা সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করেন।

পরে সদর থানা পুলিশ শনিবার গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে ওই তরুণকে গ্রেপ্তার করে।

তিনি জানান, শিশুটি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।