ঝালকাঠিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্স ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার মুক্তিযোদ্ধার ম্যুরাল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শনিবার গভীর রাতে জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৯৭১ সালে ঝালকাঠির চাচৈর গ্রামে সম্মুখ যুদ্ধের স্মৃতি স্মরণীয় করে রাখতে ২০১৭ সালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়ায় নলছিটি উপজেলার প্রবেশমুখে নিজ উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্কর্স স্থাপন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা প্রয়াত মফিজ উদ্দিন হাওলাদার। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার মুক্তিযোদ্ধার ম্যুরাল রয়েছে। গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা ভাস্কর্স এবং বঙ্গবন্ধুসহ চার মুক্তিযোদ্ধার ম্যুরাল ভাঙচুর করে পাশের খালে ফেলে দেয়।
ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে খুব শিগগিরই আলোচনা করে কর্মসূচি দেওয়া হবে।’
নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।