কোচের বিরুদ্ধে নারী খেলোয়াড়কে মারধরের অভিযোগ (ভিডিও)

এসএ গেমসের ক্যাম্পে নারী বাস্কেটবল দলের কোচের বিরুদ্ধে খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠেছে। তাসফিয়া চৌধুরী নামের এক খেলোয়াড় ক্যাম্প থেকে সরেও দাঁড়িয়েছেন। কোচ সবুজ মিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।

তাসফিয়ার বাবা কোচের বিরুদ্ধে অভিযোগ এনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বরাবর চিঠিও দিয়েছেন। অনুশীলনের সময় একজন খেলোয়াড়কে গায়ে হাত তোলার চেষ্টা করছেন এমন একটি ভিডিও তিনি নিজের ফেইসবুকে পোস্ট করেন।

বিষয়টি নিয়ে কোচ সবুজ মিয়া গণমাধ্যমকে বলেন, ‘আপনারা ভিডিওটা দেখেন। এটা বিকেএসপির ঘটনা। প্রায় মাসখানেক আগের ঘটনা। আমি কিন্তু মেয়েটার গায়ে হাত তুলিনি, মারিনি। হাতটা শো করেছি। আপনারা একটু দেখেন ভালো করে। একটু ভয়ভীতি তো দেখাতে হয় মাঝেমধ্যে। ও বারবার লিফট মিস করছিল, তাই...।’

বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের (বিওএ) সহসভাপতি শেখ বশীর আহমেদ মামুন জানিয়েছেন, অভিযোগের সত্যতা পেলে তারা ব্যবস্থা নেবেন। সোমবার দুই পক্ষের সঙ্গে বসার কথাও জানান মামুন।

গণমাধ্যমকে মামুন বলেন, ‘আপনারা জানেন কদিন আগে একই ধরনের ঘটনা তায়কোয়ান্দো ও সাঁতারে ঘটেছে। আমরা কঠোর অবস্থান নিয়েছিলাম। পরে যদিও কোচ ও খেলোয়াড়রা সমঝোতায় পৌঁছেছিল। কিন্তু তাদেরকে আমরা বিদেশ ভ্রমণ থেকে বিরত রেখেছিলাম।’

আগামী ১ ডিসেম্বর নেপালে বসবে এসএ গেমসের ১৩তম আসর। ২৭টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নেবে বাংলাদেশ। বাস্কেটবলে খেলবে পুরুষ ও নারী উভয় বিভাগেই।