মালয়েশিয়া বলে সোনাদিয়া নামানো হয় ২৫ রোহিঙ্গাকে

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে দুই শিশুসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে সোনাদিয়ার প্যারাবন থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ভোরে পাচারকারীরা মালয়েশিয়ার কথা বলে তাদের সেখানে নামিয়ে দেয়।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে ওঠায় দালাল চক্র। এরপর তাদের মালয়েশিয়া পৌঁছে গেছে বলে ট্রলার থেকে সোনাদিয়া দ্বীপের প্যারাবনে নামিয়ে দেয় তারা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে সোনাদিয়া প্যারাবন থেকে ১১ জন পুরুষ, ১২ জন নারী ও দুটি শিশুকে উদ্ধার করা হয়। তারা নিজেদের টেকনাফের রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের বাসিন্দা বলে দাবি করেছেন। 

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে তাদের আশ্রয়কেন্দ্রে ফেরত পাঠানো হবে।