ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক চিরদিন মানুষ মনে রাখবে: বসিক মেয়র

বৃহৎ পরিসরে নগরীর কাশিপুরের ডিআইজি অফিস সংলগ্ন ভবনে ভারতীয় ভিসা কেন্দ্র চালু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল সিটি করপোরেশনের (বসিক) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর উদ্বোধন করেন।  

মেয়র বলেন,  ভারত স্বাধীনতাযুদ্ধে এ দেশের মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। দেশকে শত্রুমুক্ত করতে সব ধরনের সাহায্য-সহযোগিতা করেছে। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরদিন এদেশের মানুষ মনে রাখবে। এ সময় তিনি বরিশাল থেকে কলকাতায় সরাসরি বরিশাল এক্সপ্রেস নামে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।

এতদিন নগরীর হাসপাতাল রোডের একটি ভবনে এ কার্যক্রম পরিচালিত হতো। ভিসাপ্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং জায়গা সংকটের কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না বলেন, বরিশালে দিনে দিনে ভারত ভ্রমণেচ্ছুদের সংখ্যা বাড়ছে। তাদের সুবিধার কথা বিবেচনা করে বৃহৎ পরিসরে নতুন স্থানে ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম চালু করা হয়েছে। আমরা চেষ্টা করছি বরিশাল এক্সপ্রেস নামে বরিশাল থেকে কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু করতে।

অনুষ্ঠানে বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।