টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মুক্তিযুদ্ধের সনদ ‘ছিঁড়ে ফেলার’ অভিযোগ ওঠা চিকিৎসকের শাস্তি দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী। গতকাল সোমবার হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়াকে দেখে এবং টাঙ্গাইল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. শহীদুল্লাহ কায়সার ওই মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
কাদের সিদ্দিকী বীর উত্তম সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকের সঙ্গে এ ব্যাপারে তার কথা হয়েছে। তার পক্ষে যতটুকু সম্ভব তিনি ততটুকু করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, ‘চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের এত সাহস হলো কী করে যে তিনি মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়েন? আমি মনে করি এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। মুক্তিযোদ্ধা শাজাহান যথাযথ নিয়মে সরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসক তাকে চিকিৎসার বদলে চরম অপমান করেছেন।’ প্রধানমন্ত্রীর কাছে এ চিকিৎসককে বরখাস্ত, গ্রেপ্তার এবং তার ডাক্তারি সনদ বাতিলের দাবি জানান কাদের সিদ্দিকী।